ঈদযাত্রা : ট্রেনে তুলনামূলক স্বস্তি, বাসে বাড়তি ভাড়ার অভিযোগ

স্বজনদের সাথে ঈদ করতে রাজধানীর ব্যস্ত নগর জীবন ছেড়ে বাড়ির পথে মানুষ। ট্রেনে স্বস্তির যাত্রা হলেও, কিছু কিছু ক্ষেত্রে সিডিউল বিপর্যয় হয়। অন্যদিকে, বাস টার্মিনালে যাত্রীচাপ তুলনামূলক কম। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। এজন্য বিভিন্ন বাস কোম্পানিকে জরিমানা করেছে বিআরটিএ।
এবারে ঈদের বড় ছুটি মেলায় অনেকে আগেভাগেই পরিবার নিয়ে বাড়ি ফিরেছেন। রাজধানী থেকে ঘরমুখো এই যাত্রায় সবচেয়ে নিরাপদ বাহন ট্রেন। যাত্রীরা বলছেন, ছুটির সময় বেশি থাকায় এখন চাপ কম, নির্ধারিত টিকিটে আসনে বসে যাত্রাও তাই স্বস্তির।
কিছু ট্রেনে সিডিউল বিপর্যয় হয়। কমলাপুর রেলস্টেশন থেকে সকালে ধুমকেতু এক্সপ্রেস ২ ঘন্টার দেরিতে ছাড়ে। শনিবার রাজধানীর বাস টার্মিনালগুলোতে তুলনামূলক যাত্রী কম ছিল। তবে টিকিটে বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ করেছেন অনেক যাত্রী।
এদিকে, গাবতলীতে নিয়ম না মেনে এক রুটের গাড়ি অন্য রুটে ব্যবহার ও বাড়তি ভাড়া আদায়ের দায়ে হানিফ ও গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা করে বিআরটিএ।
বাংলা টিভি / বুলবুল



