মালয়েশিয়ায় মাঝ আকাশে নৌবাহিনীর দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১০

মাঝ আকাশে মালয়েশিয়ার নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। রাজকীয় মালয়েশিয়ান নৌবাহিনীর কুচকাওয়াজের জন্য মহড়া চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টা)লুমুত শহরে নৌবাহিনীর একটি ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।
স্থানীয় মিডিয়ার খবরে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মহড়ার জন্য বেশ কয়েকটি হেলিকপ্টার উড্ডয়নের পরই এদের মধ্যে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এরপরই হেলিকপ্টার দুটি মাটিতে পড়ে যায়।হেলিকপ্টার দুইটিতে মোট ১০ জন ক্রু ছিলেন।সবাই নিহত হয়েছেন।
রাজকীয় মালয়েশিয়ান নৌবাহিনী জানিয়েছে, এ ঘটনায় দুই হেলিকপ্টারে থাকা সবাই ঘটনাস্থলেই মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের মরদেহগুলো (লুমুত) সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি



