সরকার

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের কাতারের ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি বলেন,খাদ্য সরবরাহের চেইনগুলো-উৎপাদন থেকে ব্যবহার পর্যন্ত-কৃষি-উৎপাদন ও প্রক্রিয়াকরণ,খাদ্য প্যাকেজিং, স্মার্ট এগ্রিকালচার,সার উৎপাদনসহ বিভিন্ন খাতে ও বিনিয়োগকে স্বাগত জানাবে বাংলাদেশ।

ঢাকায় সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সাথে দুপুরে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান। উপসাগরীয় অঞ্চলে কাতারকে বাংলাদেশের একটি মূল্যবান উন্নয়ন অংশীদার হিসেবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রপতি বলেন,আমিরের সফর এবং দু’দেশের মধ্যে সম্পাদিত ১০টি চুক্তি ও সমঝোতা স্মারক আগামী দিনে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরো সম্প্রসারিত ও গভীরতর করবে। এ সময় কাতারের আমির দুই দেশের সম্পর্ক উন্নয়নে এক হয়ে কাজ করার প্রত্যয় জানান।

পরে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে অংশ নেন কাতারের আমির ও তাঁর সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রী পরিষদের সদস্য, উপদেষ্টা বৃন্দ ও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিরা এই ভোজে অংশ নেন। কাতারের আমিরের সম্মানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button