আন্তর্জাতিকএশিয়া

ভারতে চলছে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ

লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে শুক্রবার ভারতে ১৩ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৮টি আসনে ভোটগ্রহণ চলছে।

কেরালায় সব আসনে ও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, আসাম, বিহার, ছত্তিশগড়, কর্ণাটক, জম্মু ও কাশ্মীর, মণিপুর, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের কিছু কেন্দ্রে ভোট। মধ্যপ্রদেশের বেতুলে বিএসপি প্রার্থীর মৃত্যুর ফলে ভোট স্থগিত হয়ে গেছে।

শুক্রবারই রাহুল গান্ধী, ওম বিড়লা, শশী থারুর, ভূপেশ বাঘেল, হেমা মালিনী, ছোট পর্দায় রামের ভূমিকায় অভিনয় করা অরুণ গোভিলের ভাগ্যনির্ধারণ হয়ে যাবে।

পশ্চিমবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে শুক্রবার ভোট।

বিরোধীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি রাজ্য কর্ণাটক ও কেরালায় এদিন ভোট হচ্ছে। কেরালায় ২০টি ও কর্ণাটকে ১৪টি আসনে ভোট। কর্ণাটকে এখন কংগ্রেস ক্ষমতায় এবং কেরালায় বাম জোট।  কর্ণাটকে বিজেপি ও সাবেক প্রধানমন্ত্রী দেবগৌড়ার পার্টি জেডি এসের মধ্যে জোট হয়েছে। কংগ্রেস এখানে আসন বাড়াতে চায়। ফলে চিত্তাকর্ষক লড়াই হচ্ছে কর্ণাটকে।

কেরালায়  বিজেপি-ও এবার শক্তিশালী প্রার্থী দিয়েছে। শশী থারুরের বিপক্ষে আছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। ওয়ানাড়ে রাহুল গান্ধীকে সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী অ্যানি রাজার বিরুদ্ধে লড়তে হচ্ছে।

শুক্রবার দ্বিতীয় দফার ভোটে লড়ছেন দুই সাবেক মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও জেডি এসের কুমারস্বামী। এছাড়া আছেন সাবেক মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলে বৈভব, কংগ্রেসের সাধারণ সম্পাদক সি পি জোশী।

অভিনেত্রী হেমামালিনী মথুরা কেন্দ্র থেকে ও অরুণ গোভিল মিরাট কেন্দ্র থেকে লড়ছেন।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় ধাপের ভোটে সকাল ১১টা পর্যন্ত সারাদেশে ভোট পড়েছে ২৫.১ শতাংশ। এরমধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে ত্রিপুরায়। সেখানে ভোট পড়েছে ৩৬.৪ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে ছত্তীসগঢ়। সেই রাজ্যে ভোটদানের হার ৩৫.৫ শতাংশ। সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে (১৮.৮ শতাংশ)।

এদিকে, ভোটদানে পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, সকাল ১১টা পর্যন্ত দার্জিলিং লোকসভা কেন্দ্রে ৩২.৭৫ শতাংশ ভোট পড়েছে। আর সকাল ১১টা পর্যন্ত রায়গঞ্জে ভোটদানের হার ৩২.৫১ শতাংশ। আর বালুরঘাটে ভোট পড়ছে ২৮.১১ শতাংশ। অর্থাৎ ভোটদানের হারে পশ্চিমবঙ্গের তিন আসনের মধ্যে এগিয়ে আছে দার্জিলিং।

এবারের লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট হবে ৫৪৩ আসনে। আগামী ৪ জুন দেশটির লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে। এর আগে, গত শুক্রবার (১৯ এপ্রিল) ১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে এ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button