আইন-বিচারবাংলাদেশ

ভুঁইফোঁড় অনলাইন মোকাবিলা করা হবে: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশে অনলাইন মিডিয়ার ব্যাপক বিকাশ ঘটেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘গতকাল শপথ নেওয়ার পর অনেক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, অনেক ভুঁইফোঁড় অনলাইন সংবাদ মাধ্যম তৈরি হয়েছে। তারা অনেক সময় ভুল সংবাদ পরিবেশন করে। এতে অনেকের চরিত্র হননের ঘটনাও ঘটে। এসব ভুঁইফোঁড় অনলাইন সবার সহযোগিতায় মোকাবিলা করা হবে।’ মঙ্গলবার (৮ জানুয়ারি) সচিবালয়ে প্রথমদিন অফিস করতে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশে বেসরকারি অনেক টেলিভিশন চ্যানেল রয়েছে। বেসরকারি চ্যানেলের যাত্রা শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন প্রথম দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন, তখন।’ তিনি বলেন,‘বাংলাদেশে আজকে যে সামাজিক যোগাযোগের মাধ্যম প্রচণ্ড শক্তিশালী হয়েছে, সেটিও শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে। চ্যালেঞ্জ মোকাবিলা করেই প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে গেছেন।’
তথ্য মন্ত্রণালয়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রের চতুর্থ অঙ্গ হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যম সমাজের দর্পণ। সমাজের সব চিত্র দেখায় গণমাধ্যম। সমাজকে সঠিক খাতে প্রবাহিত করতে গণমাধ্যমের ভূমিকা রয়েছে। আমার জীবনে অনেক চ্যালেঞ্জ ছিল। স্কুল জীবন থেকে সব সময় আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। আজও করবো। সাংবাদিকদের অনেকগুলো সমস্যা আছে। কিছু জানি, আবার কিছু জানার চেষ্টা করবো।’

সাংবাদিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমি অনেকদিন ধরেই গণমাধ্যমের সঙ্গে আছি। রাষ্ট্রীয়ভাবে আমাকে এখন এ দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের নির্বাচনি ইশতেহারে বলা হয়েছে ‘গ্রাম হবে শহর’। প্রধানমন্ত্রী শুধু অঙ্গীকার করেন না, তা বাস্তবায়নও করেন। আমাদের নেত্রী জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশ হবে ডিজিটাল। সেই স্বপ্ন তিনি অনেক আগেই বাস্তবায়ন করেছেন।’’

দায়িত্বগ্রহণ করে শুরুতেই তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণ করেন। জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button