আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

‘ইরান ইস্যুতে বাংলাদেশের বিবৃতি আমাদেরকে কষ্ট দিয়েছে’

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ নিয়ে ঢাকার বিবৃতি সম্পর্কে তেহরান সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।

আজ বুধবার সকালে ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এ পর্যন্ত বাংলাদেশ সরকার আমাদের এই যুদ্ধের ব্যাপারে যে সমস্ত বিবৃতি দিয়েছে, সে ব্যাপারে আমাদের কিছু অসন্তোষ রয়েছে। আমরা লক্ষ্য করেছি, স্পেনসহ আরও অনেক ইউরোপীয় দেশ এবং আমেরিকার ভিতরে জনগণের বিশাল বিক্ষোভ হচ্ছে এবং বিভিন্ন কর্মকর্তাও এই যুদ্ধকে সরাসরি নিন্দা করছে। আমরা আশা করি, বাংলাদেশ এ বিষয়ে অস্পষ্ট বিবৃতি না দিয়ে স্পষ্ট অবস্থান গ্রহণ করবে।”

তিনি আরও বলেন, “আমরা বাংলাদেশকে আমাদের ঘনিষ্ঠ বন্ধু ও ভাই মনে করি। আমরা চাই সম্পর্ক আরও সুন্দর ও মসৃণ হোক। একে অপরের সাহায্যে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারি, সেটাই আমাদের প্রত্যাশা।”

রাষ্ট্রদূত বলেন, “প্রকাশিত বিবৃতিগুলোতে শুধু যুদ্ধ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অথচ এটি স্পষ্ট যে, এখানে আমেরিকা সরাসরি আগ্রাসী ভূমিকায় রয়েছে এবং যেকোনো আগ্রাসন নিন্দার যোগ্য। তাই আমরা আশা করি, বাংলাদেশ সুস্পষ্টভাবে নিন্দা জানাবে। আমরা জানি বাংলাদেশের কয়েক মিলিয়ন শ্রমিক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করছেন। আমরা চাই না, কিছু বলা হয় যাতে তাদের অসন্তোষ হয়।”

সংশ্লিষ্ট খবর

Back to top button