আন্তর্জাতিকইন্ডিয়া

পশ্চিমবঙ্গে এবার গরুর ‘বার্থ সার্টিফিকেট’ চাইলেন বিজেপি বিধায়ক

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জে গরুবোঝাই একটি ট্রাক আটক করে আলোচনায় এসেছেন বিজেপি বিধায়ক রেখা পাত্র। তবে ট্রাক আটকানোর চেয়েও বেশি আলোচনা তৈরি হয়েছে গরুর ‘জন্ম শংসাপত্র’ বা বার্থ সার্টিফিকেট চাওয়ার বক্তব্যকে ঘিরে।

স্থানীয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও অনুযায়ী, শুক্রবার সকালে উত্তর চব্বিশ পরগনার লেবুখালি ও দুলদুলি ফেরিঘাট এলাকায় অবৈধভাবে গরু পাচারের খবর পান বিধায়ক। পরে ঘটনাস্থলে গিয়ে একটি গরুবোঝাই ট্রাক থামান তিনি।

ভিডিওতে দেখা যায়, ট্রাকে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছেন রেখা পাত্র। একপর্যায়ে গরুগুলো ট্রাক থেকে নামিয়ে রাস্তার পাশে গাছের নিচে বেঁধে রাখার নির্দেশ দেন। পাশাপাশি প্রাণীগুলোর জন্য খড় ও পানির ব্যবস্থাও করতে দেখা যায় তাকে।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রেখা পাত্র দাবি করেন, অবৈধভাবে গরু পরিবহন ঠেকাতে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ রয়েছে। তিনি বলেন, কোনো গরুর বয়স ১৪ বছরের নিচে হলে তা জবাই করা যাবে না এবং এ ক্ষেত্রে গরুর ‘জন্ম সার্টিফিকেট’ যাচাই করা প্রয়োজন।

বিধায়কের এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও হাস্যরস তৈরি হয়েছে। বিশেষ করে গরুর বয়স নির্ধারণে ‘বার্থ সার্টিফিকেট’ চাওয়ার বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় নানা ধরনের মিম ও ট্রল ছড়িয়ে পড়েছে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়। গরু পরিবহনের বৈধ কাগজপত্র ছিল কি না এবং কোথায় নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button