গরু জবাইয়ের দায়ে ভারতে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যের গান্ধীনগরের কলোল জেলা আদালত গরু জবাইয়ের অভিযোগে তিন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি প্রত্যেককে তিন লাখ রুপি করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় বিচারক গরুকে ‘বিশ্বমাতা’ বলে উল্লেখ করেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার রায় ঘোষণার সময় বিচারক প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ মনুস্মৃতি থেকে সংস্কৃত ভাষায় কয়েকটি শ্লোক পাঠ করেন। এসব শ্লোকে গরুকে বিশ্বমাতা এবং বিশ্বকল্যাণের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বর্ণনা করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গান্ধীনগরের জামলা গ্রামে গরু জবাইয়ের অভিযোগে ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০২৪ সালের আগস্টে তাদের কাছ থেকে ২৭৭ কেজি গরুর মাংস উদ্ধার করে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে জামলা গ্রামের ধাঙ্কিনশ এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে গরুর মাংসের পাশাপাশি ধারালো ছুরি, মাংস ওজন করার যন্ত্র এবং কয়েকটি যানবাহন পাওয়া যায়। এ ছাড়া বাড়িটিতে জীবিত গরুও ছিল। পরে সেগুলোকে স্থানীয় একটি গরু আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ওয়াসিম সাহাবুদ্দিন বাবু কুরাইশি, মোহাম্মদ রফিক মোহাম্মদ হানিফ আলীভাই কুরাইশি এবং আশফাক ওরফে সালমান আল্লারখা আব্দুল বেহলিম। গুজরাটের প্রাণী সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে এ সাজা ঘোষণা করা হয়েছে।
সূত্র: এনডিটিভি



