আন্তর্জাতিকইন্ডিয়া

কাপড়ে বেঁধে-মই দিয়ে সন্তানদের বাঁচালেও শেষ রক্ষা হলো না মায়ের

আন্তর্জাতিক ডেস্ক: উত্তরপ্রদেশ-এর প্রয়াগরাজ শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে অসীম সাহসিকতার পরিচয় দিয়ে নিজের সন্তানদের বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন অর্চনা নামে এক নারী। ঘটনাটি ঘটেছে গত ১২ মে রাতে একটি আবাসিক ভবনে।

প্রতিবেদন অনুযায়ী, ভবনটির নিচতলায় একটি ক্রোকারিজের দোকান ও গুদামে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ও ঘন ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়লে বাসিন্দারা ছাদে আশ্রয় নেন।

এ সময় নিজের এক বছর বয়সী শিশুকে একটি চাদরে জড়িয়ে পাশের বাড়ির ছাদে নিরাপদে পৌঁছে দেন অর্চনা। পরে মই ব্যবহার করে তার আরও দুই মেয়েসহ পরিবারের অন্য এক শিশুকেও নিরাপদ স্থানে সরিয়ে দেন।

তবে সন্তানদের বাঁচাতে সক্ষম হলেও নিজে আগুন ও ধোঁয়ার মধ্যে আটকা পড়ে গুরুতর দগ্ধ হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনায় তার ১৩ বছর বয়সী মেয়েও দগ্ধ হয়েছে এবং হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। এছাড়া ছাদ থেকে নামার সময় পরিবারের আরেক নারী সদস্য আহত হয়েছেন।

আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলে একাধিক ফায়ার সার্ভিস ইউনিট কাজ করে। দীর্ঘ সময় চেষ্টার পর গভীর রাতে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button