
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে নতুন প্রশাসন নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন সরকারের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন বিরোধী দল দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে)-এর নেতা অনিথা রাধাকৃষ্ণন।
রোববার (১৭ মে) দক্ষিণ তামিলনাড়ুর এক অনুষ্ঠানে তিনি বলেন, বিজয়ের নেতৃত্বাধীন সরকার ছয় মাসও টিকবে না। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) ১০৭টি আসন নিয়ে একক বৃহত্তম শক্তি হিসেবে অবস্থান করছে। তাদের মিত্র কংগ্রেসের রয়েছে আরও ৫টি আসন। অন্যদিকে ডিএমকের মিত্র দলগুলোর প্রত্যেকের রয়েছে ২টি করে আসন। এই সমীকরণে টিভিকে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে।
তবে ডিএমকে নেতা অনিথা রাধাকৃষ্ণন দাবি করেন, বর্তমান সরকার যেকোনো সময় ভেঙে পড়তে পারে। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে হবে।
তিনি আরও বলেন, “এই পরাজয় সাময়িক। সরকার যেকোনো সময় পড়ে যেতে পারে। আমরা আবারও ফিরে আসব এবং জয়ী হব।”
একইসঙ্গে তিনি দলের জেলা পর্যায়ের নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান জানান। তার মতে, রাজনৈতিক প্রচারণায় এখন ডিজিটাল মাধ্যমই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে টিভিকে শিবির জানিয়েছে, তারা সরকার টিকিয়ে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পূর্ণ মেয়াদ শেষ করার পরিকল্পনায় রয়েছে।



