আন্তর্জাতিকইন্ডিয়া

মাদরাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করলো শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের পর এবার রাজ্যের সব মাদরাসায়ও বাধ্যতামূলকভাবে ‘বন্দে মাতরম’ গাওয়ার নির্দেশ জারি করেছে নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন প্রশাসন জানিয়েছে, প্রতিদিন ক্লাস শুরুর আগে সব স্বীকৃত মাদরাসায় এই গান পরিবেশন করতে হবে।

এর আগে গত সপ্তাহে রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম NDTV বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে।

রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদরাসা শিক্ষা দপ্তরের আওতাধীন মাদরাসা অধিদপ্তর থেকে জারি করা আদেশে বলা হয়, সরকারি, বেসরকারি ও সরকারি সহায়তাপ্রাপ্ত সব মাদরাসায় নতুন এই নিয়ম তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। প্রতিদিন সকালের সমাবেশ বা প্রার্থনার সময় শিক্ষার্থীদের ‘বন্দে মাতরম’ গাইতে হবে।

এ বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক অনলাইন বার্তায় জানান, আগের সব নির্দেশনা বাতিল করে শিক্ষা ও মাদরাসা দপ্তরের অধীন সব প্রতিষ্ঠানে সকালের সমাবেশে ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনে ‘বন্দে মাতরম’ ছিল ভারতীয় স্বাধীনতাকামীদের গুরুত্বপূর্ণ স্লোগান। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় সরকার গানটিকে জাতীয় সংগীত ‘জন গণ মন’-এর সমমর্যাদা দেওয়ার পর বিষয়টি আবারও রাজনৈতিক আলোচনায় আসে।

এর ধারাবাহিকতায় এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি আয়োজনে জাতীয় সংগীতের পাশাপাশি ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ ছয়টি স্তবক গাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বিষয়টি ঘিরে ভারতের বিভিন্ন রাজ্যে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। বিশেষ করে তামিলনাড়ু ও কেরালায় সরকারি অনুষ্ঠানে গানটি পরিবেশন নিয়ে বিরোধী দলগুলোর সমালোচনা দেখা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button