বিশাল ‘মেঘমালা’ ধেয়ে আসছে ভারতের দিকে

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন শহরে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। তীব্র এই তাপপ্রবাহে যখন দেশটির জনজীবন বিপর্যস্ত, তখন আবহাওয়া দপ্তর ভারত আবহাওয়া দপ্তর (আইএমডি) কিছুটা স্বস্তির খবর দিয়েছে।
আবহাওয়া দপ্তরের উপগ্রহ চিত্রে দেখা গেছে, আরব সাগর ও বঙ্গোপসাগরের ওপর দ্রুত গতিতে বিশাল মৌসুমি মেঘমালা তৈরি হচ্ছে, যা ভারতের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর ফলে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও শক্তিশালী হচ্ছে এবং নির্ধারিত সময়ের আগেই কেরালায় পৌঁছে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উপগ্রহ চিত্রে দক্ষিণ আরব সাগর, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের পূর্বাঞ্চলে ঘন মেঘের স্তর দেখা যাচ্ছে। বিশেষ করে দক্ষিণ শ্রীলঙ্কা ও দক্ষিণ-পূর্ব আরব সাগরের ওপর মেঘের ঘনঘটা মৌসুমি বায়ু প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।
আবহাওয়াবিদদের মতে, স্থলভাগের অতিরিক্ত গরমের কারণে ভারত মহাসাগর থেকে আর্দ্র বাতাস স্থলভাগের দিকে প্রবাহিত হচ্ছে। এতে বায়ুমণ্ডলে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে দ্রুত উঁচুতে উঠছে, যা ভারী বৃষ্টিপাতের আগাম ইঙ্গিত দেয়।
বর্তমানে ভারতের রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা এবং বিদর্ভ অঞ্চলে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, ফলে পুরো উত্তর ও মধ্য ভারত ভয়াবহ গরমে বিপর্যস্ত অবস্থায় রয়েছে।



