ধর্মঅন্যান্যটলিউডবিনোদন

সপরিবারে ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা

বাংলা টিভি ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গিয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন বাবা, মা এবং ছোট বোন।

শুক্রবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে মক্কা শরিফ থেকে বেশ কিছু ছবি শেয়ার করে ভক্তদের এই ওমরাহ পালনের খবর অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে নিজের অনুভূতি প্রকাশ করে ভাবনা ফেসবুকে লিখেছেন, ‘প্রথমবার যখন পবিত্র কাবার দিকে তাকালাম, আমার মুখ থেকে যেন সব শব্দ হারিয়ে গেল। কোনো ভাষা বা শব্দ দিয়ে সেই মুহূর্তের গভীর আবেগ, মনের ভেতরের উপচে পড়া পরম শান্তি আর অন্তরের কৃতজ্ঞতাকে প্রকাশ করা সম্ভব নয়।’ জীবনের এই পরম সৌভাগ্যের জন্য আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লিখেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক।’

ছোট পর্দার অভিনয় দিয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করলেও ২০১৭ সালে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে ভাবনার। ওপার বাংলার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে তাঁর ‘নয়নতারা’ চরিত্রটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেয়। পরবর্তীতে ‘লাল মোরগের ঝুঁটি’ এবং ‘দামপাড়া’র মতো ভিন্নধর্মী চলচ্চিত্রে অভিনয় করে একজন শক্তিশালী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ নৃত্যশিল্পী, চিত্রশিল্পী এবং লেখিকা হিসেবেও শোবিজে ভাবনার বিশেষ সুখ্যাতি রয়েছে। বর্তমানে পরিবারের সঙ্গে পবিত্র এই ধর্মীয় সফরে সময় কাটাচ্ছেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button