
||বাংলা টিভি অনলাইন||
রাজধানীর উত্তরায় ভুয়া ডিবি পুলিশ সেজে ডাকাতির প্রস্তুতি কালে ৬ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। উত্তরার ১০ নম্বর সেক্টর থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় শামীম (৩৫) নামে এক ডাকাতকে গোয়েন্দা পুলিশ ২২ অক্টোবর (সোমবার) রাত ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
এ ব্যাপারে বিমানবন্দর জোনাল টিমের গোয়েন্দা পুলিশের এসআই মাসুদুল ইসলাম জানান, ১০ নম্বর সেক্টরে ভুয়া ডিবি পুলিশ সেজে কয়েকজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে ডাকাত সদস্য শামীম, আলামিন, সেন্টু, লিটন, সুদির দাস ও রায়হানকে গ্রেপ্তার করা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রাতে গুলিবিদ্ধ অবস্থায় শামীমকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার চিকিৎসা শেষে নিয়ে যাওয়া হয়।
উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার মোফাজ্জল জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিরা এখনও ডিবি হেফাজতে রয়েছে।
বাংলাটিভি এসএম/এবি



