
||বাংলা টিভি অনলাইন||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন কমিটি প্রশ্ন ফাঁসের জের ধরে ‘ঘ’ ইউনিটে নতুন করে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । তবে এক্ষেত্রে ভর্তি পরীক্ষায় পাশ করা সাড়ে ১৮ হাজার শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড ইনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. এ এসএম মাকসুদ কামাল জানান, ঘ’ ইউনিট পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. সাদেকা হালিম পরীক্ষা কমিটির অন্য সদস্যদের সঙ্গে বসে পরীক্ষা গ্রহণের প্রস্তুতি ও দিনক্ষণ বিষয়ে ২৪ অক্টোবর সিদ্ধান্ত নেবেন।
গত ১২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরুর আগে ৯টা ১৭ মিনিটে ওই পরীক্ষার উত্তরসহ প্রশ্নপত্র ফাঁস হয়। পরে প্রশ্নপত্র যাচাই করে দেখা হয় পরীক্ষার আগে ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে ৭২টি প্রশ্ন ও উত্তর হুবহু মিলেছে।
গণমাধ্যমে প্রশ্নফাঁসের সংবাদ প্রকাশ হওয়ায় বিষয়টি অনুসন্ধানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সামাদকে প্রধান করে তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই কমিটি তার অনুসন্ধানে প্রশ্নফাঁসের প্রমাণ পায়।
এই প্রমাণ পাওয়ার পরও কর্তৃপক্ষ ১৬ অক্টোবর ঘ ইউনিটের ফল প্রকাশ করে। এ বছর ঘ ইউনিটে ১৬১৫টি আসনের বিপরীতে আবেদনকারী ছিলেন ৯৫ হাজার ৩৪১ জন। এর মধ্যে পাশ করে ১৮ হাজার পরীক্ষার্থী।
বাংলাটিভি/এসএম/এবি



