সাতক্ষীরার রেশনের চাল আটক

রেশনের চাল আটক, সাতক্ষীরার আশাশুনির বড়দল বাজারে রেশন কার্ডের ২৫ বস্তা চাউল কালোবাজারে বিক্রির অভিযোগে আটক করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার বিকালে বড়দল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা বাবু স্থানীয় লোকজনের সহযোগিতায় চাউলগুলো আটক করেন।
জানাগেছে, রেশন কার্ডের ডিলার বড়দল গ্রামের মুজিবর রহমান সানা বড়দল বাজারের মহিলা মার্কেটে গোডাউন থেকে চাউল বিক্রয় করেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গোডাউন থেকে মুজিবর সানা জনৈক ভ্যানচালক কোমলের ভ্যানে ২৫ বস্তা চাউল তুলে দিচ্ছিলেন। 
এসময় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাহিদ রানা বাবুর বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়।
পরে তিনি অন্যান্য লোকজনের মাধ্যমে চাউলগুলো আটক করে সাতক্ষীরা জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করেন।
খবরটি জানার পর জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল তাৎক্ষণিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা নিতে বলেন।
উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক বড়দল ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা রনজিৎ কুমার মন্ডল ঘটনাস্থল থেকে ২৫ বস্তা চাউল জব্দ করে।
ডিলার মুজিবুর সানা বলেন, আমি চলতি মাসে ৯৭০ জন কার্ডধারীকে ৩০ কেজি করে চাউল বিক্রয়ের জন্য ২৯ টন ১০০ কেজি চাউল উত্তোলন করি।
৯ অক্টোবর থেকে চাউল বিক্রয় শুরু করলেও ৩২ জন কার্ডধারীকে চাউল দেওয়া বাকী ছিল। কালোবাজারে বিক্রয় করার অভিযোগটি তিনি অস্বীকার করেন।
কিন্তু চাউল গুলি ভ্যানে করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এ প্রশ্নের জবাবে তিনি কোন সদুত্তোর দিতে পারেননি।
তহশীলদার রনজিৎ মন্ডল জানান, ইউএনও স্যারের আদেশে ২৫ বস্তা চাউল গোডাউনে জব্দ করে তালা লাগিয়ে দিয়েছি। তিনিই এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিবেন।
||গোপাল কুমার মন্ডল, সাতক্ষীরা||
বাংলাটিভি/এবি



