সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজশাহীর নওদাপাড়া আন্ত:জেলা বাস টার্মিনাল কোন কাজেই আসছে না

সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজশাহীর নওদাপাড়া আন্ত:জেলা বাস টার্মিনাল কোন কাজেই আসছে না। যাত্রী সংকটের কারণে সেখানে কোন কার্যক্রম পরিচালনা না হওয়ায় বিশাল টার্মিনালটি এখন পরিণত হয়েছে যানবাহন রাখার গ্যারেজে। এদিকে, নগরীর মধ্যে বিভিন্ন মোড়ে মোড়ে টিকিট কাউন্টার বসিয়ে সেখান থেকে যাত্রী নিয়ে চলছে আন্ত:জেলার বাসগুলো। আর মাঝ শহরে যাত্রী ওঠা-নামায় নগরীতে সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে দূর্ঘটনা।
রাজশাহী নগরীর বিন্দুর মোড় এলাকায় এভাবেই ডেকে ডেকে বাসে যাত্রী তুলছিলেন এ পরিবহন শ্রমিক। শুধু এখানেই নয়,নগরীর ভদ্রা,তালাইমারী,রেলগেটসহ বিভিন্ন ব্যস্ত মোড়ের রাস্তার পাশে রয়েছে এমনই ভ্রাম্যমান টিকিট কাউন্টার,যেখান থেকে টিকিট নিচ্ছেন যাত্রীরা,যাচ্ছেন গন্তব্যে। এর ঠিক উল্টো চিত্র মহানগরীর আন্ত:জেলা বাস টার্মিনালে। যেখান থেকে যাত্রীসহ বাস ছেড়ে যাওয়ার কথা,সেখানে শুনশান নিরবতা। বেশিরভাগ কাউন্টারগুলোই তালাবদ্ধ।
যাত্রীরা বলছেন,মূল শহর থেকে টার্মিনালের দূরত্ব ও যাতায়াতের সহজ ব্যবস্থা না থাকায় ইচ্ছে থাকলেও টার্মিনালমুখি হচ্ছেন না তারা বিশেষজ্ঞদের মতে,টাউন সার্ভিস চালু,সড়কে নিরাপত্তা নিশ্চিত করার পাশপাশি জন সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাধারন মানুষকে টার্মিনালমুখি করা যেতে পারে। তবে এজন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। যানজট নিরসন ও যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে ২০১১ সালে মহানগরীর নওদাপাড়ায় নির্মাণ করা হয় রাজশাহী আন্ত:জেলা বাস টার্মিনাল। যা এখন যানবাহন রাখার গ্যারেজে পরিনত হয়েছে। টার্মিনালটি চালু করতে যথাযথ কর্তৃপক্ষের এখনই পদক্ষেপ নেয়ার দাবী পরিবহন সংশ্লিষ্টদের।



