
মোহাম্মদ হাফিজের দৃঢ়তাপূর্ণ ব্যাটিং আর শাহিন শাহ আফ্রিদির দারুণ বোলিংয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল সরফরাজ আহমেদের দল। এটি পাকিস্তানের টানা ১১তম টি-টোয়েন্টি সিরিজ জয়, আর টানা অষ্টম ম্যাচ জয়।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার রাতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রান করেছিল নিউজিল্যান্ড।
কোরি অ্যান্ডারসন ২৫ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৪ রানে অপরাজিত ছিলেন। ওপেনার কলিন মানরোও করেন ৪৪ রান। ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার আফ্রিদি।
লক্ষ্য তাড়ায় ৪০ রানের উদ্বোধনী জুটিতে পাকিস্তানকে ভালো সূচনা এনে দেন ফখর জামান ও বাবর আজম। ফখর ১৫ বলে ২৪ রান করে ফিরলে ভাঙে এ জুটি। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ৪১ বলে ৪০ রান করেন বাবর।
বাকি কাজটা সেরেছেন ৩৪ বলে ৩৮ রান করা আসিফ । হাফিজ ২১ বলে এক চার ও দুই ছক্কায় ৩৪ রানে অপরাজিত ছিলেন। পাকিস্তান ম্যাচ জিতেছে ২ বল বাকি থাকতেই।
ম্যাচসেরা হয়েছেন আফ্রিদি। রোববার একই মাঠে হবে তৃতীয় ও শেষ ম্যাচ।



