
সিলেট টেস্টে জিম্বাবুয়ের কাছে বিব্রতকর হারের পর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল।
সিরিজ হার এড়াতে এ ম্যাচে জিততেই হবে টাইগারদের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
গুরুত্বপূর্ণ এ ম্যাচের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। এ রিপোর্ট লেখা অবধি বাংলাদেশ এক উইকেট হারিয়ে তুলেছে ১৬ রান। উইকেটে অপরাজিত ওপেনার লিটন দাস (৯) এবং মুমিনুল হক।
ম্যাচের শুরুতে সতর্ক থেকে খেললেও ইনিংসের সপ্তম ওভারে বিদায় নেন ওপেনার ইমরুল কায়েস। পেসার কাইল জারভিসের বলে উইকেটের পেছনে চাকাভার গ্লাভসবন্দি হন তিনি। লাফিয়ে উঠা বল ব্যাটের ভেতরের কানায় স্পর্শ করলে ১৬ বলে কোনো রান না করেই বিদায় নিতে হয় ইমরুলকে। দলীয় ১৩ রানের মাথায় বাংলাদেশ প্রথম উইকেট হারায়।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৫১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে জিম্বাবুয়ে।
বাংলাদেশের হয়ে অভিষেক হলো মোহাম্মদ মিঠুন এবং খালেদ আহমেদের। একাদশে ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় টেস্টে জায়গা হয়নি নাজমুল ইসলাম অপু, নাজমুল হোসেন শান্ত এবং আবু জায়েদ রাহীর।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, খালেদ আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, আরিফুল হক এবং তাইজুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: হ্যামিলটন মাসাকাদজা (অধিনায়ক), ব্রায়ান চারি, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, ব্রেন্ডন মাভুতা, ডোনাল্ড তিরিপানো, কাইল জারভিস এবং তেন্দাই চাতারা।
বাংলাটিভি/এসএম/এবি



