
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দু’বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত প্রার্থীরা অংশ নিতে পারবেন না বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে যশোর-২ আসনে বিএনপি প্রার্থী সাবিরা সুলতানার সাজা স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশটি স্থগিত করেছেন আপিল বিভাগ।
দুই বছরের অধিক দণ্ডিত ব্যক্তির সাজা স্থগিত করে তাঁকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়ে হাইকোর্টের দেওয়া একটি আদেশ পূর্ণাঙ্গ শুনানি শেষে স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুটি আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
বৃহস্পতিবার হাইকোর্টের একটি একক বেঞ্চ যশোরের ঝিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান সাবিরা সুলতানার দণ্ড ও সাজা স্থগিতের আবেদন মঞ্জুর করেন। এই আদেশের পর তার আইনজীবী জানিয়েছিলেন, দণ্ড স্থগিত হওয়ায় সাবিরার নির্বাচনে অংশ নেওয়ার বাধা দূর হয়েছে। কিন্তু আজ আপিল বিভাগের আদেশের ফলে সাবিরার নির্বাচনে অংশ নেওয়ার আর কোনো সম্ভাবনাই থাকলো না।
বাংলাটিভি/এমআরকে



