আপিলের জন্য মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা ভিড় করছেন ইসিতে

ইসি কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে সংক্ষুব্ধ ব্যক্তিরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দাখিল করতে পারবেন। এটা করতে হবে আগামী ৩, ৪ ও ৫ ডিসেম্বরের মধ্যে। আর কমিশন প্রার্থীদের অভিযোগ আমলে নিয়ে ৬, ৭ ও ৮ ডিসেম্বর শুনানি করে সিদ্ধান্ত দেবেন। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনই আপিল কর্তৃপক্ষের ভূমিকা পালন করবেন।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তার মনঃপুত না হলে সংক্ষুব্ধরা কর্তৃপক্ষের কাছে আপিল করতে পারবেন। সেখানেও যদি তিনি সন্তুষ্ট না হন তাহলে আদালতে যেতে পারবেন। রোববার (২ ডিসেম্বর) সারা দেশে মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের ৭৮৬টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তারা। আর বৈধ ঘোষণা করা হয়েছে ২ হাজার ২৭৯ প্রার্থীর মনোনয়নপত্র।
গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিনে সারা দেশে ৩ হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এবার সব আসনে প্রার্থী থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার মতো কেউ নেই। আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ৩০ ডিসেম্বর ভোট হবে।



