
ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বটা কঠিন হয়ে গেল। কেননা কোচ হোসে মরিনহোর দল বিপক্ষ হিসেবে পেয়েছে পিএসজিকে। অপরদিকে লিভারপুল পেয়েছে বায়ার্ন মিউনিখের মতো কঠিন প্রতিপক্ষকে। ইংলিশ প্রিমিয়ার লিগের আরো দুই দল টটেনহ্যাম ও ম্যানচেস্টার সিটিও বিপক্ষ হিসেবে পেয়েছে জার্মান ক্লাবকে।
ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন সিটি খেলবে শালকের বিরুদ্ধে এবং টটেনহ্যামের মোকাবিলা করতে হবে বরুশিয়া ডর্টমুন্ডের। তবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও তাদের স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ পেয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১২-১৩ এবং ১৯-২০ ফেব্রুয়ারী। ফিরতি লেগ হবে ৫-৬ ও ১২-১৩ মার্চ। গ্রুপ জয়ীরা প্রথম লেগ বিপক্ষের মাঠে খেলবে। নিয়ম অনুযায়ী একই লিগের দলগুলো শেষ ষোলয় মুখোমুখি হচ্ছে না। আবার যে দলগুলো একই গ্রুপে খেলেছে সেগুলোও নয়।
গতকাল অনুষ্ঠিত ড্রয়ের ফলে লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপের সামনে সুযোগ এসেছে আবার জার্মানিতে ফেরার। এখন দেখার পালা ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডর্টমুন্ডের কোচ থাকার সময় যে দলটির কাছে তাকে হারতে হয়েছিল, এ দফায় তিনি সে প্রতিশোধ নিতে পারেন কিনা।
গতবারের ফাইনালিস্ট লিভারপুল এই প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ নাম ধারণের পর এখনো বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয়নি। এবারই হবে তাদের প্রথম মোকাবিলা। গত নয় মৌসুমে আটবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেললেও কোচ নিকো কোভাচের অধীনে জার্মান চ্যাম্পিয়নরা এবার অতটা দাপুটে দল নয় এবং বর্তমানে শীর্ষে থাকা ডর্টমুন্ডের চাইতে নয় পয়েন্টে পিছিয়ে তৃতীয় স্থানে আছে।
এ প্রেক্ষাপটে লিভারপুলের সাবেক উইঙ্গার স্টিভ ম্যাকনামান বিশ্বাস করেন অলরেডদের পক্ষে বায়ার্নকে হারানো সম্ভব। তার মতে,‘বায়ার্ন মিউনিখ আর আগের সেই দল নেই। এই তরুণ, শক্তিময় ও দ্রুতগতির লিভারপুল দল তাদের জন্য খুবই শক্তিশালী বিবেচিত হওয়া উচিত।’
তিনবারের ইউরোপীয় চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড এই প্রথম পিএসজির মুখোমুখি হচ্ছে। লিভারপুলের কাছে গ্রুপে প্রথম খেলায় হারের পরও ফরাসি চ্যাম্পিয়নরা নকআউট পর্বে উঠে এসেছে। ফরাসি লিগে সাম্প্রতিক বছরগুলোয় দাপট দেখালেও কাতারি মালিকানাধীন পিএসজি কখনোই এই প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনাল পার হতে পারেনি।
বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের লক্ষ্যে আয়াক্সের মুখোমুখি হবে। লিওনেল মেসির বার্সেলোনার বিপক্ষ ফরাসি ক্লাব লিয়। অপরদিকে এবারের আসরের ফাইনাল ভেন্যু অ্যাটলেটিকো মাদ্রিদ খেলতে যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্তাসের বিরুদ্ধে।
শালকে ম্যানচেষ্টার সিটি
অ্যাটলেটিকো মাদ্রিদ জুভেন্তাস
ম্যানচেস্টার ইউনাইটেড পিএসজি
টটেনহ্যাম বরুশিয়া ডর্টমুন্ড
লিয় বার্সেলোনা
রোমা পোর্তো
আয়াক্স রিয়াল মাদ্রিদ
লিভারপুল বায়ার্ন মিউনিখ



