
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীতে কোনও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র নেই বলে। শনিবার দুপুরে ডিএমপি সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘ সাধারণত নির্বাচন কেন্দ্র করে বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে আমরা কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে থাকি। তবে এবার ঢাকা মহানগরীতে কোনও ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। তারপরও পরিস্থিতি বিবেচনায় পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়। সেই বিবেচনা থেকে রাজধানীতে সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
নির্বাচনকে কেন্দ্র করে পুরো রাজধানী নিরাপত্তা চাদরে ঢাকা রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কেউ যদি ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করে, বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করে; তাকে কঠোর হস্তে দমন করা হবে।’
বাংলাটিভি/পাইক



