স্বাভাবিক হচ্ছে সারাদেশে যানবাহন চলাচল

জাতীয় সংসদের ভোটগ্রহণ শেষে রাজধানীসহ সারাদেশে যানবাহন চলাচল শুরু হয়েছে আজ। নির্বাচন উপলক্ষে নিয়ন্ত্রিত যান চলাচলে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে যান চলাচল করছে। রাজধানী ঢাকায় ভোর থেকেই বিভিন্ন গন্তব্যে যাত্রীবাহী বাস চলছে। তবে মোটরসাইকেলের ওপর এখনও নিষেধাজ্ঞা রয়েছে। গতকাল রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২৯ ডিসেম্বর রাত ১২টা থেকে রোববার দিবাগত মধ্যরাত পর্যন্ত সবধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসি।
শুক্রবার (২৮ ডিসেম্বর) দিনগত রাত ১২টা থেকে সোমবার (৩১ জানুয়ারি) মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেলের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইসি। ফলে অন্যান্য যান চলাচল শুরু হলেও এখনো মোটরসাইকেল চলাচল করতে পারছে না। এদিকে সোমবার ভোর থেকেই রাজধানীর সড়কগুলোতে যানবাহনের স্বাভাবিক চলাচল দেখা গেছে।
যানবাহন তুলনামূলক কম থাকলেও স্বল্প সময়ে গন্তব্যে যেতে পারায় সন্তুষ্ট যাত্রীরা। এছাড়া অন্যান্য দিনের তুলনায় যাত্রীর সংখ্যাও কম।বনশ্রী থেকে গুলশানের যাত্রী বেসরকারি চাকরিজীবী বুলবুল আহমেদ বলেন, সকাল থেকে গাড়ি চলছে। তবে খুব বেশি নয়। যেগুলো চলছে সেগুলোতেও খুব ভিড় ছিল। বনশ্রী ই-ব্লক থেকে বাড্ডায় আসমানী পরিবহনের একটি গাড়িতে কোনোমতে দাঁড়িয়ে এসেছি। অফিসগামী অনেকেই গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন।
বাংলাটিভি/প্রিন্স



