
ইংরেজি নতুন বছর ২০১৯ উদযাপনে আজ মধ্যরাত থেকে রাজধানীর নিরাপত্তা জোরদারের ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) বেশকিছু নির্দেশনা জারি করেছে।
ডিএমপি জানিয়েছে ইংরেজি নববর্ষ উদযাপনের নামে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি নিজস্ব সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্যবিরোধী কাজ করে।
এজন্য নববর্ষ উদযাপনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সহ যে কোন ধরনের আশঙ্কা রোধে ঢাকা মহানগরীতে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থে রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তায়, ভবনের ছাদে এবং প্রকাশ্যে স্থানে কোনও ধরনের জমায়েত, সমাবেশ, উৎসব করা যাবে না,কোন ধরনের আতশবাজি-পটকা ফোটানো যাবেনা।
ট্রাফিক ডাইভার্সন ও পরামর্শ: গুলশান, বনানী ও বারিধারায় প্রবেশের সব রাস্তা আজ রাত ৮টা থেকে বন্ধ রাখা হবে। তবে ওই এলাকায় বসবাসরত নাগরিকদের প্রবেশের জন্য কামাল আতাতুর্ক এভিনিউ (কাকলী ক্রসিং) এবং আমতলী ক্রসিং (মহাখালী) খোলা রাখা হবে। সেক্ষেত্রে গুলশান, বনানী ও বারিধারায় বসবাসরত নাগরিকদের রাত ৮টার মধ্যে ওই এলাকায় প্রবেশের জন্য অনুরোধ জানানো হয়েছে।
রাত ৮টা থেকে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় প্রবেশের ক্ষেত্রে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা-ফিনিক্স রোড ক্রসিং, বনানী ১১নম্বর রোড ক্রসিং, চেয়ারম্যান বাড়ি ক্রসিং, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং ওই এলাকাসমূহে প্রবেশের জন্য ব্যবহার করা যাবে না।
আজ সন্ধ্যা ৬টা হতে পরদিন ভোর ৬টা পর্যন্ত শুধু শাহবাগ ক্রসিং এবং নীলক্ষেত ক্রসিং দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারিরা পরিচয় দিয়ে এবং শনাক্তকরণ পূর্বক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন নিয়ে প্রবেশ করতে পারবে। এ জন্য পরিচয়পত্র সঙ্গে রাখতে সবাইকে বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
পলাশী ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, বক্শীবাজার ক্রসিং, রোমানা চত্বর ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং এবং শহীদুল্লাহ হল ক্রসিং দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সব ধনের গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে।
হাইকোর্ট পয়েন্ট হতে আগত সব ধরনের গাড়ি দোয়েল চত্বর দিয়ে বামে মোড় নিয়ে শহীদুল্লাহ হল হয়ে চাঁনখারপুল ক্রসিং দিয়ে বের হয়ে যেতে পারবে। কেউ বেপরোয়া, মদ্যপ ও বিপজ্জনক অবস্থায় গাড়ি চালাবেন না।সন্ধ্যা ৬টার পর হাতিরঝিল এলাকায় কাউকে অবস্থান করতে দেওয়া হবে না।
সড়ক ব্যবহার সংক্রান্তে যে কোনও জরুরি প্রয়োজনে ফোন করা যাবে ডিসি ট্রাফিক (নর্থ)- ০১৭১৩৩৭৩২২৫, এডিসি ট্রাফিক (নর্থ)- ০১৭১৩৩৭৩২২৬, এসি ট্রাফিক (গুলশান)- ০১৭১৩৩৯৮৪৯৭, এসি ট্রাফিক (উত্তরা)- ০১৭১৩৩৯৮৪৯৮, ডিসি ট্রাফিক (সাউথ)- ০১৭১৩৩৭৩২২৩, এডিসি ট্রাফিক (সাউথ)-০১৭১৩৩৭৩২২৪, ডিসি (গুলশান)- ০১৭১৩৩৭৩১৬৬ ও ডিসি (উত্তরা)- ০১৭১৩৩৭৩১৫৬।
বাংলাটিভি/শহীদ



