
‘আওয়ামী লীগের বিজয়ে ভারত খুশি বলে মন্তব্য করেছেন হর্ষবর্ধন শ্রিংলা। বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বর্তমানে সোনালি সময় চলছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এসব কথা বলেন তিনি।
হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘অতীতের যেকোনো সময়ের চেয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এখন অনেক ভালো। ভবিষ্যতে এ সম্পর্ক আরো জোরদার হবে। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও সাফল্যে ভারত গুরুত্বপূর্ণ অংশীদার। ভারত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। উন্নয়নমূলক কর্মকাণ্ডে এখনো ভারত বাংলাদেশের পাশে আছে। এই সম্পর্ক জোরদারের জন্য গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, পার্টি টু পার্টি এবং পিপল টু পিপল আলোচনা ও সংলাপ অব্যাহত থাকবে।’
ভারতীয় হাইকমিশনার বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিশাল সাফল্যের পর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, অভিনন্দন জানিয়েছেন। বিজেপির সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলেছেন এবং অভিনন্দন জানিয়েছেন। আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য এ বিজয়কে কাজে লাগাবে বলে আমি আশা করছি।’
এ ছাড়া ভারত বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় নানা সমস্যার সমাধান এরই মধ্যে হয়েছে বলেও জানান ভারতীয় হাইকমিশনার।
বাংলাটিভি/পাইক



