বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা

দলের নিরঙ্কুশ বিজয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার সাথে উপস্থিত ছিলেন দলের সিনিয়র নেতারা।
সকাল ১০ টার দিকে শ্রদ্ধা নিবেদন করেন তারা। একাদশ জাতীয় সংসদে শপথ নেয়ার পরই শুক্রবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে আওয়ামী লীগ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে দলীয় প্রধান হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন দলীয় সভাপতি। সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন তারা।
পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, নতুন মন্ত্রিসভায় বড় চমক থাকতে পারে।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আওয়ামী লীগের যেমন বড় জয় এসেছে, তেমনি মন্ত্রিসভায়ও বড় চমক থাকতে পারে। কাদের বলেন, এবারও যদি বিএনপি নেতারা সংসদে না আসেন তাহলে আগের মতো একই ভুল করবে দলটি।
দলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের মৃত্যুতে অপূরণিয় ক্ষতি হয়েছে বলেও জানান কাদের।
বাংলা টিভি/হাকিম



