অন্যান্যবাংলাদেশ

পোশাক শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত; কিছু কারখানা বন্ধ ঘেষণা

ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় আজ বুধবার আবার রাস্তায় নেমেছেন পোশাক শ্রমিকেরা। শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েকটি জায়গায় সংঘর্ষ হয়েছে। বেলা ১১টায় এ প্রতিবেদন লেখার সময় সাভারের গেণ্ডা এলাকায় নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এখানে শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন।

ঘটনাস্থল থেকে আমাদের স্থানীয় সংবাদদাতা জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে সাভার বাস স্ট্যান্ড এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এতে নারী শ্রমিকসহ অন্তত ১০জন আহত হন।

তিনি আরও জানান, সেসময় সাদা পোশাক পরিহিত কয়েকজনকে শ্রমিকদের লাঠিপেটা করতে দেখা যায়।

এরপর, সকাল ১০টার দিকে শ্রমিকরা উলাইল এলাকায় আবার জড়ো হলে সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখানে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে।

সেখানে আধাসামরিক বাহিনী বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

ঢাকা জোনের শিল্প পুলিশের সুপার সানা শামিনূর রহমান বলেন, শ্রমিক অসন্তোষের কারণে সাভারের আশুলিয়া এলাকায় অন্তত ১২টি কারখানা বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, “আমরা শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।”

গতকাল পুলিশের গুলিতে আনলিমা টেক্সটাইলের একজন শ্রমিকের মৃত্যুর অভিযোগ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সেখানে সেসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের কোনো সংঘর্ষ হয়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখবো।”

এদিকে, আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, সকাল ৯টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা জেলার নাওজর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।

উল্লেখ্য, ন্যূনতম মজুরি বাস্তবায়ন ও মজুরি বৈষম্য কমানোসহ বেশ কয়েকটি দাবিতে তৈরি-পোশাক শ্রমিকরা গত কয়েকদিন থেকে লাগাতার বিক্ষোভ করছে।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button