
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় কারাদণ্ড দেওয়া হয়েছে ফিলিপাইনের রিজাল কমার্সিয়াল ব্যাং ক করপোরেশন (আরসিবিসি) ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মায়া দেগুইতোকে। বৃহস্পতিবার ফিলিপাইনের একটি আদালত অর্থপাচারের আটটি অভিযোগে তাকে কারাদণ্ড দেয়। (সূত্র-বিদেশী গণমাধ্যম)
মায়া দেগুইতোর বিরুদ্ধে প্রমাণ হওয়া আটটি অভিযোগের প্রত্যেকটিতে চার থেকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। যার মেয়াদ প্রায় ৩২ থেকে ৫৬ বছরের।
কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ কোটি ৯ লাখ ডলার জরিমানা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অজ্ঞাত অপরাধীরা অর্থ হাতিয়ে নেয়।
পাঁচটি সুইফট বার্তার মাধ্যমে চুরি হওয়া এ অর্থ ফিলিপাইনের ম্যানিলার আরসিবিসি ব্যাংকের একটি ব্র্যাঞ্চের একাউন্টে পাঠানো হয়। সে সময় ওই ব্যাংকের ব্যাবস্থাপক হিসেবে দায়িত্বে ছিলেন মায়া দেগুইতো। এরপরেই ওই অর্থ ফিলিপাইনের জুয়ার টেবিল ঘুরে হাতবদল হয়।
২৬ পৃষ্ঠার শুনানিতে আদালতের তরফ থেকে বলা হয়েছে, এই অর্থ লেনদেনে তার কোন হাত ছিল না বলে মায়া দেগুইতো যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা। মায়া অবৈধ ব্যাংক লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন বলেও আদালতের ওই রায়ে বলা হয়েছে।
তিন বছর আগে বিশ্বের সবচেয়ে বড় ডাকাতির ঘটনা ছিল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। সে সময় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে ৮ কোটি ডলারের বেশি অর্থ চুরি করা হয়।
বাংলাটিভি/পাইক



