
ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
শনিবার সকাল সোয়া ৯টার দিকে পদ্মার অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে গেলে এ নৌ পথে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ। তখন মাঝ নদীতে আটকে পড়া ৬টি ফেরি ঘাটে ফিরেছে। ফেরি পরাপার বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে আটকে পড়েছিল দুই শতাধিক যানবাহন। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া যানবাহনগুলো পারাপারের ব্যবস্থা করা হচ্ছে।
এর আগে ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে সকাল সোয়া ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মাঝ নদীতে হাসনা হেনা, শাহজালাল, মাধবী লতা, কুমারী, কাবেরী ও রজনীগন্ধা নামে ছয়টি ফেরি আটকে পড়ে। দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের জন্য দক্ষিণাঞ্চলের ২১ জেলা থেকে আসা যানবাহনের কিছুটা চাপ পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে।
কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় কতৃপক্ষের নির্দেশ মোতাবেক পুনরায় ফেরি চলাচল শুরু হয়। নদী পারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপও দ্রুত কমতে থাকে বলেও জানান কতৃপক্ষ।
বাংলাটিভি/কায়েস



