
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে তেলের ডিপোতে লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নেভাতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। আগুনে ছয়টি বসতঘর, তেলের ডিপো এবং একটি গাড়ির সার্ভিসিং সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (১৬ জানুয়ারি) দুপুর ১টা ৫৫মিনিটে ফৌজদারহাটের কাছে সলিমপুর আব্দুল্লাহ ঘাটে জাহাজের পরিত্যক্ত তেলের একটি ডিপোয় এই আগুন লাগে। খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ১২টি অগ্নি নির্বাপক গাড়ি দ্রুত ঘটনাস্থলে যায়।
বিকেল ৪টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নেভানো গেছে বলে জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপসহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎুসুদ্দী।
ডিপোটি স্থানীয়ভাবে জয়নালেল কালো তেলের ডিপো নামে পরিচিত।
চট্টগ্রামের বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, ওই ডিপোটি জাহাজের পরিত্যক্ত তেলের যা স্থানীয়ভাবে কালো তেল হিসেবে পরিচিত। দুপুরে সেখানে আগুন লাগে। এর পাশেই রয়েছে একটি গাড়ির ওয়ার্কশপ। আগুন সেখানেও ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই আশপাশের কয়েকটি ছাপড়া ঘরও আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বিকেল সোয়া ৩টা নাগাদ আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরো জানান, ডিপোটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হওয়ায় আগুনের কারণে প্রায় আধঘণ্টা এই পথে যান চলাচল বন্ধ ছিল। তবে কাছের রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
বাংলাটিভি/পাইক



