
।। সুমন পাইক ।।
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে মঞ্চ, টিভি ও চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক তানভীর হাসান সুমনের (৪২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উত্তরার সেক্টর-৪, রোড-৪, বাড়ি-৩৫ এর দ্বিতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
তানভীরের ভগ্নিপতি ইশতিয়াক আহমেদ জানান, দু’দিন আগে স্ত্রী কোহিনূর নাহার আখন্দ ও ছয় বছরের ছেলে প্রখরকে নিয়ে তার উত্তরার ওই বাসায় বেড়াতে আসেন তানভীর। তিনি দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। গত ৪/৫ বছর আগে থেকেই কাজ ছেড়ে দেন। দেড় মাস আগে ব্রেইন স্ট্রোক করেন। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েন।
উত্তরা পূর্ব থানার এসআই আব্দুর রহিম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান তানভীর। রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সকালে গৃহপরিচারিকা রুম পরিষ্কার করার জন্য ভেতর প্রবেশ করেন। তখন তানভীরকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মানসিকভাবে অসুস্থতার কারণেই তানভীর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
তানভীর পরিবারকে নিয়ে মিরপুরের শেওড়াপাড়ায় থাকতেন। তানভীর ঢাকা লিটল থিয়েটারের সদস্য ছিলেন। পরে তিনি নাট্যকেন্দ্রে যোগ দেন। নাটকে অভিনয়ের পাশাপাশি তিনি পরিচালনাও করেছেন। বিজ্ঞাপনচিত্র নির্মাতা হিসেবে অল্প দিনেই সুনাম অর্জন করেন। কাজ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও। ছবি আঁকতেন, ছিলেন ফ্যাশন ডিজাইনার। তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার থানার পশ্চিম লতিফপুরে।
বাংলাটিভি/পাইক



