দেশবাংলা

কসবা সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ৩১ রোহিঙ্গা ফেরত নিল বিএসএফ

।। মো:সাইফুল ইসলাম ।।
ব্রাহ্মণবাড়ীয়ার কসবা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশইনে ব্যর্থ হয়ে চার দিন পর ১৭ শিশু সহ ৩১ রোহিঙ্গাকে ফিরিয়ে নিয়ে গেল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ ভারত সীমান্তের শূন্যরেখায় খোলা আকাশের নিচে অবস্থান করা থেকে তাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

এর আগে গত ১৮ জানুযারি সন্ধ্যা ৭টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা কাজিয়াতলী সীমান্তের নো-ম্যানস ল্যান্ড (শুন্য রেখা) দিয়ে ৩১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষা বাহিনী। কিন্তু বিজিবির সতর্ক অবস্থানের কারনে বিএসএফ পুশইনে ব্যর্থ হয়।

কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর সাংবাদিকদের জানান, এরমধ্যে ১৭জন শিশু, ৮জন পুরুষ ও ৬জন নারী রয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করছিল। ফলে কসবা সীমান্তে সর্তক অবস্থান নেয় বিজিবি। তিনি আরো জানান,বিজিবি ২৫ ব্যাটালিয়নের সাথে ভারতের বিএসএফ দফায় দফায় পতাকা বৈঠক করে। এ অবস্থায় গত ৪দিন ধরে সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে অবস্থান করে রোহিঙ্গারা।

রোহিঙ্গারা খোলা আকাশের নিচে অবস্থান করার কারণে ভারতীয় সীমান্তরক্ষীরা তাদেরকে খাবার সরবরাহ করেছে। রোববার রাতে তাদের জন্য দুইটি তাবু করে দেয় বিএসএফ।

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কবীর জানান, তাদেরকে ফিরিয়ে নিতে বিএসএফের সাথে একাধিকবার পতাকা বৈঠক করা হয়েছে। সীমান্তের শূন্যরেখায় অবস্থানকরীরা বাংলাদেশের নাগরিক নয়। এজন্য তাদেরকে গ্রহণ করতে পারিনি। সকালে তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ।
বাংলাটিভি/পাইক

সংশ্লিষ্ট খবর

Back to top button