
প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও দেশের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে। আজ মঙ্গলবার সকালে,বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার এবং স্বাস্থ্য কর্মকর্তাদের সময়মতো উপস্থিত হতে দেখা যায়নি।
সকাল ৮টায়,টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিত থাকার কথা থাকলেও সকাল সাড়ে ৯টায় একজন দন্ত চিকিৎসক ছাড়া অন্য কাউকে দেখা যায়নি। এ কারণে জরুরি চিকিৎসা নিতে আসা রোগীরা ফিরে যায়।
এদিকে জনবল সংকটের কারণে পাবনা আটঘরিয়া উপজেলা কমপ্লেক্স চলছে খুড়িয়ে খুড়িয়ে। ১৫ জন চিকিৎসকের বিপরীতে ৫ জনকে দিয়েই চলছে চিকিৎসা কার্যক্রম। আর, মেহেরপুর মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৯টায় যেখানে ৪ জন চিকিৎসক উপস্থিত থাকার কথা সেখানে মাত্র একজন দিয়েই চলছে সেবা কার্যক্রম।
অন্যদিকে,বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে অকেজো অবস্থায়। এখানে দীর্ঘদিন ধরে অপারেশন থিয়েটারও বন্ধ। এর ফলে, সেবা নিতে আসা রোগীদের যেতে হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানসহ অন্যত্র।
এছাড়া,ভোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও নানা অনিয়মের অভিযোগ করেছেন সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।
বাংলাটিভি/পাইক



