প্রধানমন্ত্রীবাংলাদেশ

পুলিশের বলিষ্ঠ ভূমিকা অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো মামলা দ্রুত নিষ্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দিতে হবে। কোনোক্রমেই যেন মামলা দীর্ঘ না হয়। এতে জনগণের ভোগান্তি বাড়ে। তিনি বলেন, অনেক সময় মামলা তদন্তে দীর্ঘ সময় লেগে যায়। মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ নজর দিলে জনগণ উপকৃত হবে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অনেক সময় দেখা যায়, এফআইআর করে ফেলে রাখা হয়েছে। সেইগুলোকে চার্জশিট দেওয়া, স্বাক্ষী নিয়ে আসা, মামলাগুলো সচল রাখা। এসব কিন্তু হচ্ছে না, ঠিকমতো। আর কোর্টে গেলেও সেটা বছরের পর বছর আটকে থাকে। সেখানে আবার আইনজীবী লাগে। অথবা সরকার পক্ষ থেকেও লোক দরকার হয়। এই বিষয়গুলোর জন্য আমার মনে হয় একটা আলাদা ব্যবস্থা নেওয়া দরকার। কিভাবে মামলাগুলো যথাযথভাবে চলবে এবং সময়মতো মামলাগুলো সম্পন্ন হবে, সেই দিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন।

জঙ্গিবাদ-সন্ত্রাস এটা কিন্তু বাংলাদেশের একার না এটা সারা বিশ্বব্যাপী একটা সমস্যা। কিন্তু আমাদের দেশে আমরা অন্তত জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছি। কিন্তু এটা আমাদের অব্যাহত রাখতে হবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী।

সাইবার ক্রাইমের বিষয়ে সজাগ থাকার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন করার পর কেউ কেউ কথা বলেছে। কিন্তু এটা আমরা করেছি মানুষের নিরাপত্তা দিতে, নিরীহ মানুষ আছে, তাদের অধিকার সংরক্ষিত রাখতে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে।’

মাদক ও দুর্নীতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে বলে জানান আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে এর কুফল ছড়িয়ে দিতে হবে। এগুলো করতে পারলে সব চেয়ে বেশি কার্যকর হবে। দেশ থেকে জঙ্গি, মাদক ও সন্ত্রাস দূর করতে পারলেই বাংলাদেশকে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারব।’

এছাড়াও, সারাদেশে বিভিন্ন প্রয়োজনে প্রত্যেকটি এলাকায় বিশেষায়িত পুলিশ ইউনিট করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও, সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধে তাৎক্ষনিক দ্রুত অ্যাকশনে যাওয়ার সক্ষমতা অর্জনসহ এর উপর বিশেষায়িত প্রশিক্ষণ বেশী বেশী প্রয়োজনের উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

বাংলাটিভি/কায়েস

সংশ্লিষ্ট খবর

Back to top button