জার্মানি ও আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি জার্মানিতে এবং ১৭-১৯ ফেব্রুযারি সংযুক্ত আরব আমিরাত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
এ সময় তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আগামীকাল সকালে ঢাকা ত্যাগ করবে। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি মিউনিখ সময় দুপুর ১টা ১৫ মিনিটে মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছুবে।
মিউনিখে পৌঁছার পর প্রধানমন্ত্রী হোটেল শেরাটনে প্রবাসী বাংলাদেশীদের দেয়া একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। মিউনিখের হোটেল বেয়াররিখটার হফে অনুষ্ঠিত হবে ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন। বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে ৫ শতাধিক আলোচক এ সম্মেলনে বক্তব্য দেবেন।
সম্মেলনের এজেন্ডায় রয়েছে ট্রান্স আটলান্টিক সম্পর্ক, ন্যাটো, ইইউ, নিরাপত্তা ও প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতা, ইউক্রেন সংকট ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক, সিরিয়া যুদ্ধ, এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিসহ বৈশ্বিক স্বাস্থ্য ও জলবায়ু নিরাপত্তার ঝুঁকি।
এছাড়া সেখানে তিনি বেশ কয়েকটি বৈঠক করবেন। মিউনিখে প্রধানমন্ত্রী শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি ও হেলথ ক্যাম্পেইনারদের সাথেও বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ থেকে ১৯শে ফেব্রুয়ারি পর্যন্ত আবুধাবিতে সফর করবেন। সেখানে তিনি ১৪তম আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শণী, আইডিইএক্স-২০১৯-তে অংশ নিবেন এবং সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
বাংলাটিভি/প্রিন্স



