প্যারোলে মুক্তি নিয়ে বিএনপির চেয়ারপারসন কোন সিদ্ধান্ত দেননি: ফখরুল

|| আরমান কায়সার ||
শিক্ষার্থী নুসরাত হত্যাকাণ্ড মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় বলে মন্তব্য করেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময়, প্যারোলে মুক্তি নিয়ে বিএনপির চেয়ারপারসন কোন সিদ্ধান্ত দেননি- উল্লেখ ক’রে, এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। সকালে, জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে, সরকারের এজেণ্ডা বাস্তবায়নে একটি বিশেষ শ্রেণি গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে বলেও, এ সময় অভিযোগ করেন মির্জা ফখরুল।
সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিউজের একাংশের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এতে, গণমাধ্যমে প্রকাশিত খালেদা জিয়ার প্যারোলে মুক্তির সংবাদ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। এ সময় প্যারোলের ব্যাপারে খালেদা জিয়া কোন সিদ্ধান্ত দেননি বলেও জানান দলের মহাসচিব।
নুসরাত হত্যাকাণ্ড ও সুবর্ণচরে গণধর্ষণের ঘটনা উল্লেখ করে, রাজনৈতিক কারণে এসব ঘটনা ঘটছে বলেও অভিযোগ করেন ফখরুল। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জনগনের মৌলিক অধিকার কেড়ে নেয়ার পাশাপাশি, সরকার অপরাজনীতির মাধ্যমে ক্ষমতায় টিকে আছে বলেও অভিযোগ করেন ফখরুল।
বাংলাটিভি/প্রিন্স



