ব্রুনাইয়ের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

তিন দিনের সরকারি সফরে ব্রুনাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকাল ৮টা ২৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
ব্রুনাইয়ের দারুসসালামের সুলতান হাজি হাসানাল বলকিয়ার আমন্ত্রণে প্রধানমন্ত্রী এই সফর করছেন।
স্থানীয় সময় বেলা পৌনে ৩টায় ব্রুনাইয়ের রাজধানী বন্দরসেরি বেগাওয়ানের ব্রুনাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী।
ব্রুনাইয়ের যুবরাজ হাজি আল-মাহতাদী বিল্লাহ বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে ইম্পায়ার হোটেল অ্যান্ড কান্ট্রি ক্লাবে নেয়া হবে। সফরকালে তিনি এই হোটেলে অবস্থান করবেন।
সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী হোটেলের ইন্দেরা সামুদেরা বলরুমে ব্রুনাই প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে সংবর্ধনায় যোগ দেবেন। একই দিন তিনি ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনার আয়োজিত নৈশভোজে যোগ দেবেন।
পর দিন সোমবার প্রধানমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান বলকিয়ার সরকারি বাসভবন ইস্তানা নূরুল ইমানে চেরাদি লায়লা কেনচানায় সুলতান ও রাজকীয় পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন।
সফরকালে বাংলাদেশ বিভিন্ন খাতে ব্রুনাইয়ের সঙ্গে সাতটি সমজোতা স্মারকে সাক্ষর করবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আমরা ইতোমধ্যেই বিভিন্ন সেক্টরে ছয়টি এমওইউ চূড়ান্ত করেছি। বাকি একটি এমওইউ বিবেচনাধীন রয়েছে। আমরা বাংলাদেশে ব্রুনাইয়ের বিনিয়োগ আশ্বাস পাবার বিষয়ে আশাবাদী।
এমওইউগুলো হচ্ছে : কৃষি, মৎস্য, পশু সম্পদ, যুব ও ক্রীড়া, সংস্কৃতি ও জ্বালানি সেক্টর সহায়তা।
পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের মধ্যকার সম্পর্ক জোরদারের অংশ হিসেবে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এই সফর খুবই সফল হবে বলে আশা প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এই সফর দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং জ্বালানী, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, খাদ্য, আকাশ পথে যোগাযোগ, মানবসম্পদ উন্নয়ন, পর্যটন এবং প্রযুক্তি সেক্টরে সহযোগিতা আরও বৃদ্ধি করবে।
তেল ও গ্যাস সমৃদ্ধ ব্রুনাই বিশ্বের অন্যতম ধনী দেশ। পৃথক দুই অঞ্চল নিয়ে গঠিত ব্রুনাইয়ের মোট আয়তন হচ্ছে ৫৭৬৫ বর্গ কিলোমিটার। এর দক্ষিণ চীন সাগরের পাশে রয়েছে ১৬১ কিলোমিটার উপকূল এবং মালয়েশিয়ার সঙ্গে রয়েছে ৩৮১ কিলোমিটার সীমন্ত। খবর বাসস।
বাংলাটিভি/প্রিন্স



