
চিকিৎসার অভাবে বেগম জিয়ার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে। রাজনৈতিক কারণেই বেগম খালেদা জিয়ার মুক্তি মিলছে না বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। এসময় রংপুর তিন আসনে রিটা রহমানকে ২০ দলীয় জোটের প্রার্থী ঘোষণা করা হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭৩ বছর বয়সী বেগম খালেদা জিয়া ১৮ মাস ধরে কারাগারে। তিনি এখন বিভিন্ন রোগে আক্রান্ত। গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্বের সংগ্রাম দিচ্ছেন বলে তাকে আমানবিকভাবে আটকে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার একটাই উদ্দেশ্য, যেন রাজনৈতিক প্রতিপক্ষকে পুরোপুরিভাবে শেষ করে দেওয়া। তবে এটা কখনো মেনে নেওয়া হবে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে মুক্তি কামনা করছি।
৮ সেপ্টেম্বর রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার সময় নেতারা এসব কথা বলেন। বেগম জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে আগামী ১১ সেপ্টেম্বর ঢাকায় ও ১২ সেপ্টেম্বর সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।



