
আরমান কায়সার : সরকারের মদদেই দেশ দুর্নীতিতে ভরে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুবদল আয়োজিত মানব বন্ধনে এ অভিযোগ করেন তিনি।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত মানব বন্ধনে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, জনগণের স্বপ্ন ভঙ্গ করে সরকার দেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করেছে।
সরকার দলীয় লোকেরাই দেশে ক্যাসিনোগুলো চালায়- দাবি করে ফখরুল বলেন, সরকারের ভয়ে বিচার বিভাগ আজ স্বাধীনভাবে কাজ করতে ব্যর্থ হচ্ছে। এ সময়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আওয়ামী লীগ অযোগ্যদের উপাচার্য নিয়োগ দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ভারত আসামের নাগরিকদের বাংলাদেশে পাঠানোর হুমকি দিলেও, বাংলাদেশ তার সমুচিত জবাব দিতে পারছে না বলে সরকারের ব্যর্থতা তুলে ধরে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
বাংলাটিভি/ নূর



