আওয়ামী লীগরাজনীতি

সুনির্দিষ্ট অভিযোগে জি কে শামীম ৭ দেহরক্ষীসহ আটক

আসাদ রিয়েল : সুনির্দিষ্ট টেন্ডারবাজি ও চাঁদাবাজির অভিযোগে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জি কে শামীমকে ৭ দেহরক্ষীসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন- র‌্যাব। রাজধানীর নিকেতনে অভিযান চালিয়ে এসময় তার কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকার এফডিআর চেকসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি টাকা ও কয়েকটি অস্ত্র জব্দ করা হয়।

শুক্রবার বেলা ১১ টায় রাজধানীর নিকেতনের ডি ব্লকের ৫ নম্বর সড়কের ১৪৪ নম্বর ভবনে শামীমের কার্যালয় ঘিরে অভিযান চালায় র‌্যাব। কার্যালয়ের ভেতর থেকে লাইসেন্সবিহীন অস্ত্র, মাদক, নগদ কয়েক কোটি টাকা ও প্রায় ২শ কোটি টাকার এফডিআর চেক উদ্ধার করে র‌্যাব। এর আগে একই এলাকায় জি কে শামীমের আরেকটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।

পরে তার উপস্থিতিতেই অভিযান চালায় র‌্যাব। র‌্যাব জানায়, যুবলীগের বহিস্কৃত ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার স্বীকারোক্তিতে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে জড়িতদের মধ্যে জি কে শামীমের নামও উঠে এসেছে। এ তথ্যের ভিত্তিতেই তাকে আটক করে অভিযান চালানো হয়।

শামীম একইসঙ্গে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button