‘এই অভিযান তৃণমূলের জন্য সতর্ক বার্তা‘

বুলবুল আহমেদে : আওয়ামী লীগের শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। এ অভিযানের ফলে বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের পথে দেশ আরও একধাপ এগিয়ে যাবে বলেও মনে করেন তারা। এ ছাড়া এই দুর্নীতি বিরোধী অভিযান দলের তৃণমূলের জন্য একটা সতর্ক বার্তা বলেও মনে করেন আওয়ামী লীগের এই নীতি নির্ধারকরা।
কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক মনে করেন, অবশ্যই সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন আওয়ামী লীগের শীর্ষ ও কেন্দ্রীয় নেতারা। এতে করে, প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা যেমন বাড়ছে পাশাপাশি দলের ভাবমূর্তি আরো বাড়বে। এছাড়া এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন প্রকল্প থেকে চাঁদা চাওয়ায় ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে তাদের পদ থেকে অব্যাহতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায়, চাঁদাবাজিসহ বিতর্কিত কর্মকান্ডের জন্য ঢাকা মহানগর যুবলীগের বেশ কয়েকজন নেতার সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
এর পর থেকেই রাজধানীতে শুরু হয় র্যাবের সাঁড়াশী অভিযান। আটক করা হয় যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভুইয়া ও জি কে শামীমকে। এ নিয়ে দল ও দলের বাইরে শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো.আব্দুস সবুর বাংলা টিভিকে বলেন, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনেকে সামনে রেখে এই অভিযান সারা দেশে বিতর্কিত নেতা কর্মীদের জন্য একটি সাবধান বার্তা। সময় থাকতে সাবধান হওয়ার হুশিয়ারী বার্তাও দেন তিনি।
দুর্নীতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা গেলে খুব অল্প সময়ের মধ্যেই বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে বলেও মনে করেন এই আওয়ামী লীগ নেতা।
বাংলাটিভি/ নূর



