‘দলের পরিচয়ে যারা অপকর্ম করে, তাদের কোনো ছাড় নয়’

বুলবুল আহমেদ : দলের পরিচয়ে যারা অপকর্ম করে তাদের কোন ছাড় দেয়া হবে না বলে আবারো হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমণ্ডিতে এক সংবাদ সম্মেলনে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলছে এবং এটা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় ওবায়দুল কাদের বলেন, অপরাধীদের কেউ ছাড় পাবে না। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী বুয়েট ছাত্র হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করেছে।
যেকোন ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্সে ঘোষণা করেছেন, তাই দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
সরকারের বিরুদ্ধে অহেতুক বিষোদগার করায় বিএনপি নেতাদের কঠোর সমালোচনাও করেন আওয়ামী লীগের অন্যতম এই শীর্ষ নেতা।



