
পুলিশের বাধার কারণে নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদের বাড়িতে যেতে পারেননি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা না করেই ফিরে যেতে বাধ্য হতে হয় তাকে।
রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। লালন শাহ সেতুর ভেড়ামারা অংশের টোল প্লাজা থেকে তাকে ফেরত পাঠানো হয়। এ সময় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আল বেরুনি, ভেড়ামার থানার ওসি (তদন্ত) আব্দুল আলীম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে আমানউল্লাহ আমান বলেন, এর মধ্যদিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছে। নিহত আবরারের বাড়িতে যেকেউ যেতে পারে, সেই শোকাহত পরিবারের পাশে চাইলে যেকেই দাড়াতে পারে।
তাহলে এভাবে আমাদের বাধা দেয়া হলো কেনো? এছাড়া কেন্দ্রঘোষিত শান্তিপূর্ণ সমাবেশ করবো বলে আমরা এসেছি।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, জেলা বিএনপির সভাপতি মেহেদী রুমি, সাধারণ সম্পাদক সোহবার উদ্দিন।
সৌরভ নূর /বাংলা টিভি



