আওয়ামী লীগরাজনীতি
‘শিপিং সেক্টরে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে’

শিপিং সেক্টরে দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার সকালে চট্টগ্রামের সল্টগোলায় ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২০তম ও মাদারীপুর শাখার নবম ব্যাচের পাসিং আউট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় উত্তীর্ণ নাবিকদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নিদের্শনা দেন প্রতিমন্ত্রী।
এবার চট্টগ্রাম ও মাদারীপুর থেকে ডেক বিভাগে ১শ জন ইঞ্জিন বিভাগে ৬৪ জন ও ফিটার কাম ওয়েল্ডার বিভাগে ১৪ জনসহ মোট ১শ ৭৮ জন নাবিক উত্তীর্ণ হয়েছেন। পরে কুচকাওয়াজ শেষে সেরা প্রশিক্ষণার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নৌবাণিজ্য দফতরের মহাপরিচালক কমোডোর সৈয়দ আরিফুল ইসলাম, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজসহ অন্যরা।



