
বিভেদ সৃষ্টির মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে চায় বলে মন্তব্য করেছেন, ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। এসময় তিনি দেশ রক্ষায় সবাইকে এক হওয়ার আহবানও জানান।
এদিকে, আওয়ামী লীগ অনির্বাচিত সরকার বলেই, ভারতের কাছে দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সকালে রাজধানীতে আলাদা দু’টি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
সকালে জাতীয় প্রেসক্লাবে নির্বাচন কেন্দ্রিক সংকট সমাধানে জাতীয় ঐক্যের প্রয়োজন ও প্রাসঙ্গিকতা শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট। এতে যোগ দিয়ে, রাষ্ট্রের জনগণের মালিকানা প্রতিষ্ঠা করতে তৃণমূল পর্যন্ত ঐক্যের ডাক পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেন ড. কামাল।
অন্যদিকে, বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানব বন্ধনে বিএনপির স্থায় কমিটির সদস্য আমীর খসরু বলেন, আওয়ামী লীগ অবৈধ সরকার বলেই ভারতের কাছে দেশের স্বার্থ বিসর্জন দিয়েছে।
এ সময় ক্যাসিনোর অভিযান নিয়েও সমালোচনা করেন তিনি।
আরমান কায়সার / বাংলা টিভি



