‘সকল দুর্নীতিবাজকে আইনের আওতায় না নেয়া পর্যন্ত শুদ্ধি অভিযান চলবে’

যাদের লক্ষ্য করে শুদ্ধি অভিযান, তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আর যে কোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান চলমান থাকবে বলে হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খান কামাল। শনিবার সকালে নারায়ণগঞ্জ ও ঢাকায় আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
নারায়ণগঞ্জের মেঘনা ঘাট এলাকায় পুরাতন মেঘনা সেতুর অ্যাপ্রোচ সড়কের সংস্কার কাজ পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে তিনি সাংবাদিকদের বলেন, অপরাধী যে দলের হোক শুদ্ধি অভিযানে যারা টার্গেট, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
এদিকে, বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশনে বর্তমান শুদ্ধি অভিযান নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি অনু্ষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খান কামাল বলেন, দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে।
এছাড়া, দ্রুত সময়ের মধ্যে আবরার হত্যার ন্যায় বিচার হবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বুলবুল আহমেদ / বাংলা টিভি



