
ঢাকাকে উন্নত নগরী হিসেবে গড়ে তুলতে জনগণ নৌকায় ভোট দিবে বলে আশা করেছেন, দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস।
শনিবার সকালে ধানমন্ডিতে কামরুন্নেসা সরকার বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট প্রদান শেষে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, ফলাফল যাই হোক, তা মেনে নেবেন। উৎসবমুখর পরিবেশে ভোট হওয়ায় সন্তোষ জানিয়ে তিনি আরো বলেন, ইভিএম খুবই সহজ পদ্ধতি। এ পদ্ধতিতে ভোটাররা স্বাচ্ছন্দে ভোট দিতে পারছে।
এদিকে, জয়ী হলে আধুনিক ঢাকা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন, ঢাকা উত্তর সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
উত্তরার নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের ১২ নম্বর ভোটকেন্দ্রে নিজের ভোট দেন তিনি। এসময় আতিক জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে যেকোনো ফলাফল মেনে নেয়ার কথাও জানান। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ নৌকা প্রতীকে আস্থা রাখবেন বলে মনে করেন এই প্রার্থী।
অন্যদিকে, ভোট সুষ্ঠু হলে বিপুল ভোটে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শনিবার সকালে পুরান ঢাকার গোপীবাগের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান শেষে এ কথা বলেন, ইশরাক। এ সময়, পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপির এই মেয়র প্রার্থী।
তবে, বিএনপি সমর্থক পোলি এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন, উত্তর সিটির বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
সকালে গুলশানে মানারাত ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এ অভিযোগ করেন। এ সময় নিবার্চন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন, তাবিথ আওয়াল। তিনি বলেন, সরকারি দল বিএনপিকে ভয় পায় বলে ভোটের ফলাফল নিজেদের পক্ষে নেয়ার ষড়যন্ত্র করছে। তারপরেও, বিএনপি শেষ পর্যন্ত মাঠে থাকবে বলে জানান তিনি ।



