রাজনীতিআওয়ামী লীগ

খালেদার সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বাড়াতে সুপারিশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরো ৬ মাস বাড়ানোর সুপারিশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নথি পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। সোমবার দুপুরে আইন মন্ত্রালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত মঙ্গলবার খালেদা জিয়ার পরিবার তার জামিনের শর্ত শিথিল করার পাশাপাশি দণ্ডাদেশ মওকুফ করার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জমা দেয়। আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তখন জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গত বছরের ১৫ সেপ্টেম্বর সরকার খালেদা জিয়ার কারাবাসের সাজা স্থগিত করে জেল থেকে মুক্তি দেয়ার আদেশ আরও ছয় মাস বাড়ায়। ১৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপনও জারি করেছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, খালেদা তার বাড়িতে চিকিত্সা পাবেন এবং তিনি এই সময়ের মধ্যে বিদেশে যেতে পারবেন না। করোনা মহামারির কারণে তিনি চিকিত্সার জন্য কোনো হাসপাতালেও যাননি বলে জানা গেছে। তবে চিকিৎসকরা তাকে নিয়মিত বাড়িতে দেখা করে চিকিৎসা দিয়েছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার একটি বিশেষ আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিলে, ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি তিনি কারাগারে যান। হাইকোর্ট ২০১৮ সালের ৩০ অক্টোবর ওই মামলায় খালেদার আপিল খারিজ করে তার শাস্তি বাড়িয়ে ১০ বছর করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button