বার বার হেরে নির্বাচন বয়কট করছে বিএনপি: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপিকে উদ্দেশ্যে বলেছেন, তারা যখন খেলায় বার বার হেরে যাচ্ছে, তখন বলছেন আর নির্বাচন করব না। আওয়ামী লীগের রাজনীতিতে টাকা দিয়ে পদ হয় না, এখানে ত্যাগি ও যোগ্যদের নেতা নির্বাচিত করা হয় বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
সবার মাথাপিছু আয় দিন দিন বেড়েই চলছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সরকার কারো কাছে মাথা নত করবে না। উন্নয়নের সবগুলো সূচক অর্জিত হওয়ার কারণে বাংলাদেশ ইতোমধ্যেই স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের মন্ডলের সভাপতিত্বে এতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডলসহ অন্যরা উপস্থিত ছিলেন।



